নিজস্ব প্রতিবেদক:
জুলাই জাতীয় সনদে বর্ণিত রূপরেখা অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুক–এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাইযোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার লক্ষ্যে ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে এবং এটি ইতোমধ্যে সংসদে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশটি বিল আকারে পাস করাতে সরকার একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন সমালোচনার জবাবে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী যেসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে, সে বিষয়ে আগেও সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। তিনি বলেন, “তাহলে তো মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে, যারা ১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল।” গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো ব্যক্তিরা জনতার প্রতিরোধের মুখে হতাহত হয়েছে—এটি যুদ্ধপরিস্থিতির অংশ হিসেবে বিবেচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধে কেউ হতাহত হয়ে থাকলে তার বিচার হবে না। তবে ওই সময় ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাযজ্ঞের বিচার অবশ্যই করা হবে।
তিনি জানান, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। কিছু মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ এবং কিছু সাধারণ আদালতে বিচারাধীন রয়েছে। শেখ হাসিনা এবং তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি মামলার রায়ও হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবে এবং সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না। দেশে সংঘটিত সব গুম, খুন, হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/