
স্টাফ রিপোর্টার:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহায়তা, প্রতিপূরণ দ্রুত নিষ্পত্তি, পরিবেশগত টেকসই উন্নয়ন, নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট পাঠানোর প্রস্তুতি নিয়ে মতবিনিময় হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে পরিবেশবান্ধব উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী প্রথম দেশ বাংলাদেশ। ভবিষ্যতেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানোর আগ্রহ রয়েছে।
তিনি আরও বলেন, নারী শান্তিরক্ষীদের জন্য আধুনিক ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা এবং প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাইতির নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এসব ইউনিটে সোয়াত, র্যাপিড রেসপন্স, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার অপরাধ তদন্ত, নৌ-অভিযান ও মাদকবিরোধী অভিযানে দক্ষ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/