
গাজীপুর জেলা প্রতিবেদক :
গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে জনসমক্ষে এ নির্মম ঘটনা ঘটে। নিহত তুহিন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রিপোর্টার ছিলেন। তিনি মূলত ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হলেও পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত সাংবাদিক বিকেলবেলা গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল ও দোকানিদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সরাসরি ফেসবুক লাইভে আসেন। লাইভ শেষে সন্ধ্যায় নিজের আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, "যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা"।
কিন্তু এর কিছুক্ষণ পরই, রাত পৌনে ৮টার দিকে তুহিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকার সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী যুবক ধারালো অস্ত্র হাতে এসে তার ওপর হামলা চালায়। তারা তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই স্পর্শকাতর, আমরা বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছি।”
এদিকে একজন সাংবাদিককে এই নৃশংসভাবে হত্যার ঘটনায় গাজীপুরসহ সারাদেশের সাংবাদিক মহল ও নাগরিক সমাজ চরম ক্ষোভ ও শোক প্রকাশ করেছে। তারা দ্রুত বিচার ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/