
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/