
নিজস্ব প্রতিবেদক
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে (৪৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার রাতে চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এক নারী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাকে তিনজন মিলে চলন্ত ট্রেনে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ চলন্ত ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানায় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে।
পরে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে ওই নারীকে উদ্ধার করে। এ সময় ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া উঠে পড়েন। পরে ট্রেনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।
প্রাথমিকভাবে জানা গেছে, পরে ক্যান্টিন বয় ও আরও দুজন তাকে বসার জায়গা করে দেওয়ার কথা বলে খাবারের বগির ক্যান্টিন কর্মীদের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ থাকা বাকি দুই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তের স্বার্থে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/