
শাব্বির আহমদ, জেলা প্রতিনিধি, খুলনা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনকালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৩১ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নানা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ট্রাফিক বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতিও সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে ভদ্র, মানবিক ও সহনশীল। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে থাকতে হবে দৃঢ়তা। কোনো নাগরিক রাগান্বিত বা উত্তেজিত হলেও পুলিশ সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের ভাবমূর্তি উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হলো ভালো ব্যবহার। সব সমস্যার সমাধান পুলিশের পক্ষে করা সম্ভব না হলেও মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকভাবে কথা বলা এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করা সম্ভব। ভালো আচরণের মাধ্যমেই জনগণের আস্থা ও সম্মান অর্জন করা যায়।
অনুষ্ঠানে গত এক মাসে দায়িত্ব পালনে প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
পুলিশ কমিশনার জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হবেন।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/