
মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া, পূর্বগ্রাম, বড়ালু, নগরপাড়া ও নাওড়া এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় কখনো কারো সঙ্গে আপোষ করেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং এ দেশের মাটি ও মানুষকে গভীরভাবে ভালোবেসেছেন। তারই প্রমাণ—আজ তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণ।”
তিনি রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, “বর্তমানে যেসব গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে, তার অনেকগুলো অবৈধ। বিএনপি ক্ষমতায় এলে এসব অবৈধ গ্যাস লাইন বৈধ করা হবে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সঙ্গে নিয়েই রূপগঞ্জকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তর করা হবে।”
তিনি আরও বলেন, “আমি এখন যেমন আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও তেমনি থাকবো। আমরা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত অপরাধমুক্ত রূপগঞ্জ গড়ে তুলবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, মাহাবুবুর রহমান, রফিকুল ইসলাম, হাজী সেলিম আহমেদ, শ্রী বিধান কৃষ্ণ রায়, শাহ আলম পাপ্পু, মাসুম বিল্লাহ, আব্দুল আল মামুন নয়নসহ আরও অনেকে।
এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপি ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ, কোরআন খতম, রান্না করা খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা মানবিক কর্মসূচি পালন করে যাচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/