
নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কেরানীগঞ্জে চার বছর আগে দুই তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) জানান, আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন। তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী বা তাদের পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে রাহুল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্য আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অটোরিকশার অপেক্ষায় ছিলেন দুই তরুণী ও তাদের কয়েকজন বন্ধু। এ সময় আসামিরা একটি অটোমিশুক নিয়ে তাদের পথরোধ করে।
পরে মারধর করে দুই তরুণীকে রতনের খামার এলাকার একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভুক্তভোগীদের বন্ধুরা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে এক তরুণীর বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন।
তদন্তের সময় র্যাব মিনহাজ আবেদীনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনে ভুক্তভোগী দুই তরুণীর ধর্ষণের ভিডিও পাওয়া যায়। তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/