
নিজস্ব প্রতিবেদক:
দেশের কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাকে সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।
তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন প্রায় ১২ লাখ কৃষক।
‘কৃষক কার্ড’ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, প্রথম পর্যায়ে দেশের ৮টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য অন্তত ১০টি সুবিধা সরাসরি নিশ্চিত করা হবে।
খাল খনন প্রকল্পের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে পানির সংকট দূর করতে সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের পাশাপাশি নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে।
দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সবার জন্য সমানভাবে কাজ করতে চায় এবং দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ স্বাগত বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি জিয়াওকুন শী।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেওয়া হয়। পরে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/