
কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৭ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করে জানায়, গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।
নিহত কর্মকর্তা বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়। কর্মসূত্রে তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করতেন এবং শহরের রাজগঞ্জ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
জানা গেছে, প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সর্বশেষ রাত দেড়টার দিকে তিনি কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
পরদিন শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এই হত্যাকাণ্ডের কারণ ও পেছনের বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে। র্যাব জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/