
শাকিল হোসেন:
:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে কথিত ‘হানিট্র্যাপ’ চক্রের চার সদস্যকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারী, এক পুলিশ সদস্য ও আরও একজন সহযোগী রয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মদিনা ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুলিশের হ্যান্ডকাফ ও একটি পুলিশ কটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন পাপিয়া, তার স্বামী পুলিশ সদস্য সজীব, সুমু আক্তার এবং তাদের আরেক সহযোগী। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে নির্জন স্থানে ডেকে আনতেন। এরপর কৌশলে জিম্মি করে গোপনে ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ আদায় করতেন।
অভিযোগ অনুযায়ী, সায়মন নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্কের অভিনয় করে শুক্রবার রাতে তাকে মদিনা ভবনের একটি কক্ষে ডেকে নেন পাপিয়া। যুবক কক্ষে প্রবেশের পর দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি বারান্দায় গিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।
এ সময় পুলিশ সদস্য সজীব ৯৯৯ নম্বরে ফোন করে ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্থার অভিযোগ করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ব্ল্যাকমেইলিং-সংক্রান্ত বিভিন্ন আলামত ও আপত্তিকর তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, “আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। এছাড়া ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/