
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান-কে প্রশ্ন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, যদি নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রকৌশল বা কারচুপি হয়ে থাকে, তবে এতে কারা জড়িত ছিলেন—সেসব নাম প্রকাশ করা উচিত।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় পর্যন্ত উৎসবমুখর পরিবেশ থাকলেও ভোটগণনা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, রাত পর্যন্ত জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দেখা গেলেও পরে ফলাফল পরিবর্তিত হয়ে যায়।
তিনি বলেন, “রাত ১০টার দিকে নির্বাচন সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে কম ব্যবধানে জামায়াতের পরাজয়ের খবর আসে। এতে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে।”
রিজওয়ানা হাসানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, তিনি গণমাধ্যমে বলেছেন যে উগ্রবাদীদের মূলধারায় আসতে দেওয়া হয়নি। তবে সংসদের বিরোধী দলে কোনো উগ্রবাদী নেই বলেও দাবি করেন পরওয়ার। তার মতে, ইসলাম কোনো চরমপন্থাকে সমর্থন করে না।
তিনি আরও বলেন, “আপনার কথাই প্রমাণ করে আপনারা আমাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে দেননি। আপনার সঙ্গে আর কে কে ছিলেন, তাদের নাম প্রকাশ করুন।”
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলপত্রে কাটাছেঁড়া ও টেম্পারিং করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে এজেন্টদের কাছ থেকে ফল গণনার আগেই সই নেওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত সংঘাত বা সহিংসতা চায় না। তাদের সব কর্মসূচি প্রকাশ্যে পরিচালিত হয় এবং কোনো অপকর্মের দায় ইসলামপন্থিদের ওপর চাপানোর চেষ্টা হলে তারা তার প্রতিবাদ জানাবে।
তিনি রিজওয়ানা হাসানের বক্তব্যের বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান। একই সঙ্গে সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/