
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন শরীফ আলী। হত্যার পর ঘটনাটির দায় প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।
এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে শরীফ আলীর সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। পরে তাকে আটক করা হলে আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
দীর্ঘ ১২ বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলার পর সোমবার আদালত শরীফ আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি তোফায়েল আহমদ বলেন, প্রতিবেশীকে ফাঁসানোর পরিকল্পনা থেকেই শরীফ আলী নিজের মেয়েকে হত্যা করেছিলেন। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালেও তদন্তে তার নিজের সম্পৃক্ততা বেরিয়ে আসে।
তিনি আরও বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না—রায়টি তারই প্রমাণ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/