
সাইফুল ইসলামঃ
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। খাতায় নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের এবং জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানতে পারছে। পর্যায়ক্রমে আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
যে বোর্ডে যত নতুন জিপিএ-৫
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।
ময়মনসিংহ বোর্ডে ৭৭৭ জন, দিনাজপুরে ২৭৫ জন, কুমিল্লায় ২০৭ জন, যশোরে ১৮২ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৮৩ জন এবং রাজশাহীতে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন শিক্ষার্থী।
ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন
পুনর্নিরীক্ষণের পর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পাস করেছে।
দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন, যশোরে ৩৮০ জন, ঢাকায় ৩৩৭ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, সিলেটে ১৮৬ জন, রাজশাহীতে ১১১ জন এবং বরিশালে ৭৯ জন ফেল থেকে পাস করেছে।
মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৬৬৪ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।
যেভাবে ফল জানা যাবে
পুনর্নিরীক্ষণের ফল তিনভাবে জানা যাবে। প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে।
তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
#এসএসসি_ফল #পুনর্নিরীক্ষণ #জিপিএ৫ #শিক্ষাবোর্ড #শিক্ষার্থী #শিক্ষা_সংবাদ
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/