
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী জাবেদ করিম। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির ২০তম প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড–৩) পদে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পূর্ববর্তী প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন গত ২৬ অক্টোবর অবসরে যান। তার অবসরের পর প্রায় ১০ কর্মদিবস এলজিইডি প্রধানবিহীন থাকায় প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। নতুন প্রধান প্রকৌশলীর নিয়োগে সেই শূন্যতা পূরণ হলো।
সহকর্মীদের মতে, প্রকৌশলী জাবেদ করিম একজন অভিজ্ঞ, দক্ষ ও দূরদর্শী প্রশাসক। এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে তার নেতৃত্ব ও তদারকি প্রশংসিত হয়েছে।
বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে তার গড়ে ওঠা সম্পর্ক চলমান বৈদেশিক অর্থায়নপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা।
প্রকৌশল মহলে আশা করা হচ্ছে, জাবেদ করিমের নেতৃত্বে এলজিইডি আরও গতিশীল হবে এবং দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/