
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন তিনি। এতে গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজ থাকার কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানান ওবায়দুর রহমান।
ঘটনার বিবরণে ওবায়দুর রহমান জানান, বিগত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, সেই সময় তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মারাত্মক হামলা চালায় তিন সন্ত্রাসী—আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ এবং মোক্তাসিম বিল্লাহ।
আবেদনে উল্লেখ করা হয়, তার উপর এই শারীরিক হামলার শব্দ শুনে পাশের কক্ষ থেকে তার মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করেন। পরবর্তীতে মা ও বোনের সহায়তায় একটি সিএনজিযোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত ১২টা ৩৮ মিনিটে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এবং হামলাকারীরা তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
ওবায়দুর রহমানের দাবি, এ হামলার প্রধান নেপথ্য নির্দেশদাতা হলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সূত্রে তার নানা দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে জানান।
লিখিত আবেদনে বলা হয়, এমপির বিরুদ্ধে কেবল মৌখিক অভিযোগই নয়, বরং একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে তার অনৈতিক কর্মকাণ্ডের দৃশ্য এবং এর সিসিটিভি ফুটেজ ও একাধিক ভিডিও সংরক্ষিত রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই এমপির কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। যদিও পরবর্তীতে ওই তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেছেন এমপি গাজী নজরুল। তবে এই ঘটনার পর এমপির এমন কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দলটির নজর রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ওবায়দুর রহমান এই হত্যাচেষ্টা ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হুকুমদাতা এমপি গাজী নজরুলসহ সব অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/