
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকাল থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এছাড়া বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমবায়ী মো. মহসিন মিয়া লিটন। সভায় পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত সমবায়ীরা কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা সমবায়ীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/