
নিজস্ব প্রতিনিধিঃ
ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী ফোনেও নির্দেশনা দিয়েছেন। এরই মধ্যে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে সোমবার থেকেই নারীদের জন্য পৃথক যাত্রার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। নতুন কোচ কেনা সম্ভব হলে সময়ের ব্যবধান আরও কমানো যাবে।
শেখ রবিউল আলম বলেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ২৫ শতাংশ ছাড়ের এ কার্ড মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন—উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে উল্লেখ করে তিনি বলেন, যাত্রীদের টিকিট ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পর্যায়ক্রমে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/