
রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এ সিদ্ধান্ত নিয়েই মূলত আলোচনা হয়েছে।
কত পরিবার এ সুবিধার আওতায় আসবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি সার্বজনীন উদ্যোগ। এতে কোনো বিধিনিষেধ (রেস্ট্রিকশন) থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, কার্যক্রম শুরু হতে পারে হতদরিদ্র পরিবার দিয়ে। এরপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
এই রমজানেই কার্যক্রম শুরু হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ঈদের আগেই অন্তত পাইলট প্রকল্প হিসেবে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ঈদের আগেই কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে কী ধরনের সেবা বা সুবিধা দেওয়া হবে এবং নিবন্ধন প্রক্রিয়া কী হবে—তা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/