
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
এবারের ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছেন। একই সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩৭ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদযাত্রার এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিনের দুর্ঘটনা বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে দেখা যায়, এবারের ঈদুল আজহার ছুটিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। মোট ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক পথ প্রাণহানির ৪৪.১২ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, থ্রি-হুইলার (সিএনজি, ইজিবাইক ইত্যাদি) যাত্রী ৪৮ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, বাসযাত্রী ২১ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের আরোহী ১১ জন এবং স্থানীয় যানবাহনের ৮ জন নিহত হয়েছেন।
একই সময়ে সড়ক পথের পাশাপাশি রেল ও নৌ-পথেও প্রাণহানি ঘটেছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, ১৩টি নৌ-পথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এখানে ৯৫টি সড়ক দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে; মাত্র ৯টি দুর্ঘটনায় সেখানে ৭ জন নিহত হয়েছেন।
তবে একক জেলা হিসেবে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ফরিদপুরে। জেলাটিতে সর্বোচ্চ ১৯টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন মানুষের মৃত্যু হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান ও প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/