
সোহেল রানা :
আমানতের মুনাফাসহ অর্থ আদায়ের দাবি এবং মূল আমানত থেকে ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা কেটে নেওয়ার ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছেন সদ্য একীভূত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর একীভূত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ বিক্ষোভে অংশ নেন। এর আগে, একই দিন সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে শেষ মুহূর্তে ওই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়।
পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, যা চলতি সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। এরপর উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), কোম্পানি সচিবসহ শীর্ষ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আমানতকারী এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচি ঘিরে প্রচারণাও চলছিল। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন অতিথির উপস্থিত থাকার কথা ছিল। ব্যাংকটির সাম্প্রতিক কার্যক্রম, তারল্য পরিস্থিতি এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন কয়েকটি ব্যাংকের আমানতকারী ও চট্টগ্রামের কিছু ব্যাংক কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানের দিন তারা অনুষ্ঠানস্থলে ঘেরাও কর্মসূচি পালনের প্রস্তুতিও নিচ্ছিলেন। এই তথ্য পাওয়ার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়।
উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক। শরিয়াহ নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ইসলামি ব্যাংকিং খাতে রাষ্ট্রের অংশগ্রহণ জোরদার করাই এ ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য। আজ রোববার ব্যাংকটির উদ্বোধনের মধ্য দিয়ে এর পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল।
যে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/