
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ছুটির আনন্দ শুরু হচ্ছে আজ থেকেই। রবিবার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবস পার করছেন তারা। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ অফিস শেষে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন।
চাঁদ দেখার ওপর নির্ভর সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার এবার আগেভাগেই ছুটির সূচি নির্ধারণ করেছে। পূর্বঘোষিত ছুটির সঙ্গে মন্ত্রিসভার বিশেষ সিদ্ধান্তে আরও একদিন যোগ হওয়ায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা সাত দিনের ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে আগে ও পরে নির্বাহী আদেশে ঘোষিত ছুটি যুক্ত করে এই দীর্ঘ ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা সহজ করতে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
তবে দীর্ঘ এই ছুটির মধ্যেও জরুরি সেবাখাত চালু থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। একই সঙ্গে এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীর বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/