
নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা যুক্ত হয়েছে। এসব অটোরিকশা সাধারণত রাতে চার্জ দেওয়া হয়। এর বড় একটি অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘যে পরিমাণে ব্যাটারিচালিত অটোরিকশা এসেছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এগুলো যে চার্জে বসায়, সেগুলোর বেশিরভাগই অবৈধ সংযোগ। আমরা এই অবৈধ সংযোগ ধরার চেষ্টা করছি।’
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীদের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানান মন্ত্রী। তার ভাষ্য, এ ধরনের অভিযান চালাতে গেলে অনেক সময় আন্দোলন হয় এবং বিদ্যুৎ বিভাগের লোকজন হামলার শিকারও হন।
এদিকে দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, প্রায় ১০-১২ দিন আগে একটি এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলকে দায়ী করে তিনি বলেন, ওই সময়ে জ্বালানি খাতকে বর্তমান সংকটময় অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/