
নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সও কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। এসব এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে সরাসরি বিদেশি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর ফলে কক্সবাজারে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন বিমান ও পর্যটনমন্ত্রী।
তিনি বলেন, টার্মিনালটির নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।
সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রীকে অভিনন্দন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/